দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়ক বৃষ্টির কাদা-পানিতে একাকার হয়ে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়ক দুটিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সড়ক দুটি হলো গৌরনদী পৌরসভার হেলিপ্যাড সড়ক এবং উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শৌলকর গ্রামের একটি সড়ক। সম্প্রতি স্থানীয়রা সড়কের কাদার মধ্যে ধানের চারা রোপণ করেন। এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের সঙ্গে সংযুক্ত প্রায় ১ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ হেলিপ্যাড সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে। বৃষ্টির পানি জমে সড়কের বেশির ভাগ অংশ কাদামাটির পথে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশের অন্তত পাঁচটি গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা-বরিশাল মহাসড়কে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ এটি। বর্ষায় কোথাও হাঁটুসম কাদা, কোথাও গর্তে পানি জমে থাকে। এতে মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
একই অবস্থা শৌলকর গ্রামের সড়কটিরও। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা বারবার জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা বলেন, সড়কের অবস্থা এখন ধানখেতের মতো। তাই ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন তাঁরা। দ্রুত সড়ক দুটি সংস্কারের দাবি জানান তাঁরা।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বৃষ্টি কমলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে সড়ক দুটি পরিদর্শন করানো হবে। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/